স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগ প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি হয়েছে। আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেওয়ার পর হেড কোচ পদের জন্য প্রায় ২৭০ থেকে ৩০০ জন প্রার্থী আবেদন করলেও প্রাথমিক যাচাই-বাছাইয়ে অন্তত ১০০ জনকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ১৭০ জন প্রার্থীকে নিয়ে দীর্ঘ তালিকা তৈরি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এই প্রক্রিয়া তদারকির জন্য চার সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছেন বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন। অন্য সদস্যরা হলেন সাবেক ফুটবলার ছাইদ হাসান কানন, ইকবাল হোসেন এবং টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু।
প্রথম বৈঠক শেষে কামরুল হাসান হিলটন জানান, চলতি সপ্তাহের মধ্যেই প্রার্থীদের সিভি পর্যালোচনা করে ২০ থেকে ৩০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। পরে সেই তালিকা জাতীয় দল কমিটির কাছে হস্তান্তর করা হবে এবং তারা নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার নেবেন।
কোচ নির্বাচনে নির্দিষ্ট কিছু মানদণ্ড অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা। এর মধ্যে রয়েছে ইউয়েফা প্রো লাইসেন্স থাকা, জাতীয় দলের কোচিং অভিজ্ঞতা, বিশেষ করে এশিয়ায় কাজের অভিজ্ঞতা ও সাফল্য, এবং বয়সসীমা ৪০ থেকে ৬০ বছরের মধ্যে থাকা। ইউরোপ ও আর্জেন্টিনার কোচদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানা গেছে।
শুধু হেড কোচ নয়, একইসঙ্গে গোলকিপিং কোচ ও যুব দলের কোচ নিয়োগ দিচ্ছে বাফুফে। গোলকিপিং কোচের জন্য প্রায় ৪০টি এবং যুব দলের কোচের জন্যও প্রায় সমসংখ্যক আবেদন জমা পড়েছে।
এদিকে, গুঞ্জন থাকলেও সাবেক কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার নাম এবার প্রাথমিক তালিকায় নেই বলে কমিটির একাধিক সূত্র নিশ্চিত করেছে।
আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। নতুন কোচের অধীনেই ইউরোপের মাটিতে ম্যাচটি খেলার সম্ভাবনা রয়েছে। জাতীয় দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী ও অধিনায়ক জামাল ভূঁইয়ারা নতুন কোচের অধীনে যাত্রা শুরুর অপেক্ষায় রয়েছেন।
রিপোর্টার্স২৪/বাবি