স্টাফ রিপোর্টার: জ্বালানি সংকটকে বৈশ্বিক ও বহিরাগত প্রভাবজনিত সমস্যা উল্লেখ করে ডিমান্ড ম্যানেজমেন্টে ঘাটতির কথা বলেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সংকটটি বর্তমান সরকারের সৃষ্টি নয়, তবে ব্যবস্থাপনায় দুর্বলতা রয়েছে।
বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা প্রথম দিন থেকেই অনুরোধ করেছি—জনকল্যাণে কথা বলি। পরস্পরকে দোষারোপ বা চরিত্রহননের পথে না গিয়ে সরকার ও বিরোধী দল উভয়েই গঠনমূলক ভূমিকা পালন করি। তিনি যোগ করেন, জ্বালানি সংকট একটি বাস্তব সমস্যা। আমরা আগেই বলেছি, এটি আমাদের সরকারের তৈরি নয়। তবে ডিমান্ড ম্যানেজমেন্টে কিছু সমস্যা হয়েছে।
সংকট মোকাবিলায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জ্বালানি রেশনিংকে যৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে জ্বালানি খাতে অনিয়ম ও সুযোগসন্ধানী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তার ভাষায়, যারা অসৎ, তারা কোনো দলের হতে পারে না। এ ধরনের সুযোগসন্ধানীদের কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়।
জ্বালানি সংকট নিরসনে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে যৌথ পরিকল্পনা গ্রহণের প্রস্তাবও দেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, যৌথভাবে কাজ করলে জনগণের মধ্যে টেকসই গণতন্ত্রের ধারণা শক্তিশালী হবে এবং মানুষ আশাবাদী হবে। এতে রাষ্ট্রের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হবে।
এ সময় সরকার যদি জ্বালানি সংকট মোকাবিলায় কোনো যৌথ কমিটি গঠনের উদ্যোগ নেয়, তাহলে বিরোধী দল তা ইতিবাচকভাবে গ্রহণ করবে বলেও জানান তিনি।
রিপোর্টার্স২৪/বাবি