আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনা আগামী শুক্রবার শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্ট-কে দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাম্প এবং পাকিস্তানের কর্মকর্তাদের বরাতে এ খবর জানানো হয়। পত্রিকাটি জানায়, পাকিস্তানি কর্মকর্তারা বলেছেন, আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে।
এ বিষয়ে ওয়াশিংটন পোস্ট ট্রাম্পের মন্তব্য জানতে চাইলে তিনি এক টেক্সট বার্তায় লেখেন, “এটি সম্ভব!” পরে তিনি নিজেকে প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প হিসেবে উল্লেখ করেন।
ইরানের নেতারা যুদ্ধ বন্ধে একটি ‘ঐক্যবদ্ধ প্রস্তাব’ না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার পরদিনই এ অগ্রগতি সামনে এল।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বুধবার ওয়াশিংটনের স্থানীয় সময় সন্ধ্যায় শেষ হওয়ার কথা ছিল। তবে তার আগেই ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন।
ট্রাম্পের ঘোষণার পর থেকে ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বজায় রেখেছে পাকিস্তান। এক পাকিস্তানি কর্মকর্তা জানিয়েছেন, ওই যোগাযোগের ভিত্তিতেই নতুন আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে।