স্টাফ রিপোর্টার: ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ঐক্যকে ধারণ করে জাতীয় ইস্যুতে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে যেভাবে সবাই ঐক্যবদ্ধ ছিল, সেই শক্তিকে কাজে লাগিয়ে জাতিকে এগিয়ে নিতে হবে।
সংসদকে সব আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে তিনি বলেন, বর্তমান সরকার গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর। সংসদের বাইরে সিদ্ধান্ত নেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সংসদকেই কার্যকর কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার।
তিনি স্পষ্ট করে বলেন, আলোচনার মূল জায়গা হবে সংসদ, এর বাইরে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া সরকারের কাম্য নয়।
দেশের জ্বালানি পরিস্থিতি ও কৃষি খাত প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানি সংকট নিয়ে আলোচনা থাকলেও বোরো চাষে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। তিনি জানান, ১৪ এপ্রিলের পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে আনা হয়েছে এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে তা নির্ধারণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময়ের তুলনায় পরিস্থিতি এখন অনেক বেশি স্থিতিশীল। পুলিশ বাহিনীকে জনবান্ধব হিসেবে গড়ে তোলার উদ্যোগ চলছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব পর্যায়ে কাজ করছে।
রিপোর্টার্স২৪/বাবি