ইন্টারন্যাশনাল ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রথম দফার ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নির্বাচন প্রচারের সময়সীমা শেষ হয়। এ দফায় রাজ্যের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ১৬ জেলার ১৫২ আসনে ভোটগ্রহণ হচ্ছে। সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয় এবং এটি সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। প্রথম দফায় মোট ভোটারের সংখ্যা প্রায় ৩ কোটি ৬০ লাখ, যার মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৮৪ লাখ, নারী ভোটার ১ কোটি ৭৫ লাখ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪৬৫ জন।
মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের পাশাপাশি বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) এবং আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি) সহ অন্যান্য দলগুলোও প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে বেশিরভাগ আসনে প্রতিযোগিতা মূলত তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হবে।
প্রথম দফায় ১ হাজার ৪৭৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের উদয়ন গুহ (দিনহাটা), সেচমন্ত্রী মানুষ ভূঁইয়া (সবং), শ্রমমন্ত্রী মলয় ঘটক (আসানসোল উত্তর), এশিয়ান গেমসে স্বর্ণজয়ী অ্যাটলিট স্বপ্না বর্মন (রাজগঞ্জ), সাবেক মন্ত্রী গৌতম দেব (শিলিগুড়ি) এবং বিজেপির শুভেন্দু অধিকারী (নন্দীগ্রাম), দিলীপ ঘোষ (খড়গপুর সদর) ও নিশীথ প্রামাণিক (মাথাভাঙ্গা)।
জাতীয় নির্বাচন কমিশন নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে ২ হাজার ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে, যা রাজ্যের নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা। প্রথম দফায় ১৫২ আসনের জন্য মোট ৪৪ হাজার ৩৭৮টি ভোটকেন্দ্র খোলা হয়েছে, যেখানে ক্যামেরা ও ওয়েবকাস্টিং সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে।
কর্মকর্তাদের সতর্ক করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে এবং ২ হাজার ১৯৩টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) মোতায়েন করা হয়েছে। ভোট চলাকালীন বুথ দখল বা অশান্তির খবর পাওয়া মাত্রই, এই বিশেষ বাহিনী ঘটনাস্থলে পৌঁছাবে।
পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফায় ভোট আগামী ২৯ এপ্রিল এবং ভোট গণনা ৪ মে অনুষ্ঠিত হবে।
রিপোর্টার্স২৪/এম এইচ