রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও কর্মমুখী করতে বড় ধরনের উদ্যোগের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, পর্যায়ক্রমে ১ হাজার মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের ২০তম দিনের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
এ সময় কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত প্রশ্ন রাখেন, দেশের মাদ্রাসা শিক্ষার্থীর সংখ্যা দুই কোটিরও বেশি হলেও কর্মবাজারে প্রবেশের ক্ষেত্রে অনেকেই প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের কী পরিকল্পনা রয়েছে এমন প্রশ্ন তোলেন তিনি।
জবাবে শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও আধুনিক করার লক্ষ্যে পাঠ্যক্রমে পেশাভিত্তিক ও বৃত্তিমূলক বিষয় যুক্ত করা হচ্ছে। একই সঙ্গে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি (আইটি) এবং ইংরেজি শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ইতোমধ্যে কারিকুলাম আধুনিকায়নের কাজ শুরু করেছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী, প্রতিটি মাদ্রাসায় কারিগরি শিক্ষা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, বর্তমানে ৫৪৮টি মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালু রয়েছে। এর পাশাপাশি ধাপে ধাপে আরও ১ হাজার মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়।
রিপোর্টার্স২৪/ঝুম