রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের সমন্বয়ে ১০ সদস্যের একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। কমিটি গঠনের মাধ্যমে সংকট সমাধানে সুপারিশ প্রণয়ন ও বাস্তবায়নযোগ্য পদক্ষেপ নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, কমিটিতে সরকারপক্ষ থেকে পাঁচজন এবং বিরোধী দল থেকে পাঁচজন সদস্য থাকবেন।
প্রধানমন্ত্রী সংসদে বলেন, বিরোধী দলের প্রস্তাবের আলোকে জ্বালানি পরিস্থিতি নিয়ে যৌথভাবে কাজ করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। এজন্য সরকারের পক্ষ থেকে পাঁচ সদস্যের নাম প্রস্তাব করা হয়েছে এবং বিরোধী দলকেও দ্রুত তাদের পাঁচ সদস্যের নাম দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও জানান, কমিটির মাধ্যমে উভয় পক্ষের মতামত বিশ্লেষণ করে বাস্তবসম্মত সুপারিশ তৈরি করা হবে, যা সরকার কার্যকর করার উদ্যোগ নেবে।
সরকারপক্ষ থেকে প্রস্তাবিত পাঁচ সদস্য হলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, মইনুল ইসলাম খান এবং মিয়া নুরুদ্দিন অপু।
বিরোধী দলের নেতা শফিকুর রহমান সংসদে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা শিগগিরই তাদের পক্ষ থেকে পাঁচজন সদস্যের নাম জমা দেবেন। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ সংসদকে জাতীয় সমস্যার সমাধানে কার্যকর কেন্দ্রবিন্দুতে পরিণত করবে।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম জানান, কমিটির জন্য একজন সভাপতি প্রয়োজন। পরে প্রধানমন্ত্রী প্রস্তাব করেন, কমিটির সভাপতি হিসেবে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দায়িত্ব পালন করতে পারেন।
স্পিকার আশা প্রকাশ করেন, দ্রুত কমিটি গঠন সম্পন্ন হলে চলমান অধিবেশন চলাকালীনই কার্যকর আলোচনা শুরু করা সম্ভব হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রিপোর্টার্স২৪/ঝুম