স্টাফ রিপোর্টার: রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও নজরদারি জোরদারে ঢাকা মহানগরজুড়ে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। খুব শিগগিরই এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরে নবনির্মিত বসিলা অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, অপরাধ দমনে শুধু মোহাম্মদপুর এলাকাতেই ৭০০ সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এর মাধ্যমে পুরো এলাকা ডিজিটাল নজরদারির আওতায় আনা হবে, যা অপরাধ শনাক্ত ও নিয়ন্ত্রণে সহায়ক হবে।
ডিএমপি কমিশনার আরও জানান, হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম এবং ভাড়াটিয়াদের তথ্য সংরক্ষণের জন্য একটি অ্যাপ চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে নগরীর বাসিন্দাদের তথ্যভান্ডার আরও কার্যকরভাবে সংরক্ষণ করা সম্ভব হবে।
তিনি বলেন, মোহাম্মদপুর এলাকার চিহ্নিত অপরাধীদের ছবি শিগগিরই প্রকাশ করে বিজ্ঞপ্তি দেওয়া হবে, যাতে সাধারণ মানুষ সতর্ক থাকতে পারে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধরতে সহায়তা পায়।
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ডিএমপি কমিশনারের কাছে তুলে ধরেন। তিনি সেগুলো গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দেন।
রিপোর্টার্স২৪/বাবি