স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে গিয়েছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। শেষ ম্যাচে ৫৫ রানের জয়ে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজ হারলেও এটিকে ‘শেখার অভিজ্ঞতা’ হিসেবে দেখছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ল্যাথাম বলেন, বাংলাদেশের পারফরম্যান্সের পূর্ণ কৃতিত্ব দিতে হবে। তার ভাষায়, তারা আমাদের ওপর চাপ তৈরি করেছে। এই ধরনের কন্ডিশনে এসে শেখার অনেক কিছু থাকে। অনেক খেলোয়াড়ের এটি প্রথম বাংলাদেশ সফর, চাপের মুহূর্তগুলো থেকে তারা অনেক কিছু শিখবে।
তিনি আরও বলেন, ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই উন্নতির জায়গা আছে। সিরিজে অনভিজ্ঞ খেলোয়াড়দের সুযোগ দেওয়া হলেও প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স হয়নি বলে স্বীকার করেন তিনি। তার মতে, নিকোলস বা আমি আরও অবদান রাখতে পারতাম, কিন্তু সেটা হয়নি।
বাংলাদেশের আবহাওয়া ও কন্ডিশন নিয়েও মন্তব্য করেন ল্যাথাম। তিনি বলেন, প্রচণ্ড গরমে খেলা কঠিন ছিল এবং মাঠের বাস্তবতা টেলিভিশনে পুরোপুরি বোঝা যায় না। তাই বাংলাদেশের খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করেন তিনি।
সিরিজের ইতিবাচক দিক তুলে ধরে কিউই অধিনায়ক বলেন, অনেক তরুণ ক্রিকেটার আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছে, যা ভবিষ্যতে কাজে লাগবে। তার মতে, ফলাফল পক্ষে না গেলেও এই সফর থেকে পাওয়া শিক্ষা দলকে আরও শক্তিশালী করবে।
ল্যাথাম শেষ পর্যন্ত জানান, আমরা ব্ল্যাকক্যাপস হিসেবে এই অভিজ্ঞতা থেকে শিখে সামনে এগিয়ে যেতে চাই।
রিপোর্টার্স২৪/ঝুম