শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে প্রাইভেট কার ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হাফিজুর রহমান (৪০) নামে এক স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং ভ্যানচালক মোতাহার মন্ডল আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত স্কুলশিক্ষক উপজেলার ছাবিনগর গ্রামের মহিউদ্দিন বিশ্বাসের ছেলে এবং হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের ছাবিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন, পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া ইসলামী বিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী প্রাক্তন শিক্ষার্থী ও হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক হাফিজুর রহমান নিজ বাড়ি ছাবিনগর থেকে ভ্যানে করে লাঙ্গলবাঁধ বাজারের উদ্দেশ্যে রওনা দেন। শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের ছাবিনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেট কার (রেজি: ঢাকা মেট্রো-গ-২৪-৭৭৮৫) ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানচালক মোতাহার ও যাত্রী হাফিজুর রহমান সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্কুলশিক্ষক হাফিজুর রহমানের মৃত্যু হয়। এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেট কারটি জব্দ করে থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকেই গাড়ির চালক পলাতক রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।