কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ার ঘাগটিয়া মাঝিবাড়ি এলাকায় প্রবাসী আজিজুল ইসলাম ও নাসিমা আক্তার দম্পতির জমি দখলের প্রতিবাদে শুক্রবার (২৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত ওই সম্মেলনে দুই সন্তানের জননী অন্তঃসত্ত্বা নাসিমা আক্তার তার অসহায়ত্বের বিবরণ তুলে ধরে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
নাসিমা আক্তার জানান, তিনি ও তার স্বামী দীর্ঘ প্রায় ১২ বছর লেবাননে শ্রমিক ভিসায় কাজ করে কিছু টাকা জমিয়ে প্রতিবেশী আবুল খায়ের রেনুর কাছ থেকে ২০১৬ সালে পাঁচ কাঠা নিষ্কণ্টক জমি কিনেন। পরে তারা সেখানে বাড়ি করার প্রস্তুতি নিলে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আরশাদুল আলম বাবুল মাঝি তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। তখন তাদের পক্ষে বাড়ি করা সম্ভব হয়নি। বর্তমানে তার স্বামী গ্রীসে বসবাস করছেন এবং সেই জমিতে নতুন করে বাড়ি করার জন্য ইট-বালু কিনে কাজ শুরু করলে গত বুধবার গভীর রাতে সেই জায়গা বাবুল মাঝি দখল করে সাইনবোর্ড টানিয়ে দেন।
এ সময় তিনি ৯৯৯-এ ফোন করে অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাগজপত্র দেখে বাবুল মাঝিকে সেখানে নির্মাণ কাজ না করার নির্দেশ দেয়। তবে পুলিশ চলে যাওয়ার পর বাবুল মাঝি আবারও নির্মাণ কাজ চালিয়ে যান। এ বিষয়ে কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দিলে ওসি তাকে আদালতে মামলা করার পরামর্শ দেন বলে জানান তিনি। বর্তমানে দুই শিশু সন্তান নিয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তার পক্ষে তাদের বিরুদ্ধে বিভিন্ন মহলে দৌড়াদৌড়ি করা সম্ভব নয় বলে জানান তিনি। তাই সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে অভিযুক্ত বাবুল মাঝি জানান, নাসিমা আক্তার যার কাছ থেকে জমি কিনেছেন তার ফুফুর কাছ থেকে তিনিও কিছু জমি কিনেছেন এবং সেখানে তার পৈত্রিক সম্পত্তিও রয়েছে। তাই তিনি ওই জায়গা দখলে নিয়েছেন। আর চাঁদা দাবি ও নাসিমার সন্তানদের হত্যার হুমকির বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন বলে তিনি দাবি করেন।