রিপোর্টার্স২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (USF) নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর রুমমেট হিশাম সালেহ আবুঘারবিয়েহকে আটক করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (২৫ এপ্রিল) সকালে টাম্পা বে এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে হিলসবরো কাউন্টি শেরিফ অফিস লিমনের মরদেহ উদ্ধার করে। বর্তমানে মরদেহের ময়নাতদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, লিমনের অ্যাপার্টমেন্টে পারিবারিক সহিংসতার ঘটনার পর হিশামকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ নষ্ট করা, মৃত্যুর খবর গোপন রাখা এবং অবৈধভাবে মৃতদেহ সরানোর অভিযোগ আনা হয়েছে।
এদিকে জামিলের সঙ্গে নিখোঁজ হওয়া অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) এখনও নিখোঁজ রয়েছেন। তাঁকে উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
জামিল ও নাহিদা বাংলাদেশ থেকে গিয়ে USF-এ পিএইচডি করছিলেন। ১৬ এপ্রিল থেকে তাঁরা নিখোঁজ ছিলেন। জামিল ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে এবং নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত ছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি