রিপোর্টার্স২৪ ডেস্ক: নির্বাচনে জনগণ প্রত্যাখ্যান করেছে বলেই জামায়াতে ইসলামী এখন ‘আবোল-তাবোল’ বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’এর মাধ্যমে ক্ষমতায় এসেছে জামায়াত আমিরের এমন দাবিকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত যৌথ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে। জামায়াতে ইসলামী অতীত কর্মকাণ্ডের কারণে জনগণের আস্থা হারিয়েছে বলেই তারা এখন বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক পরাজয়ের হতাশা থেকেই জামায়াত এখন মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে।
তিনি আরও বলেন, দেশে একটি মহল আবারও বিভেদ সৃষ্টি করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তারা ভিন্ন পথে দেশকে স্বৈরশাসনের দিকে ঠেলে দিতে চায় বলেও মন্তব্য করেন তিনি। এ ধরনের অপশক্তিকে রাজনৈতিকভাবে প্রতিহত করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল অভিযোগ করেন, নির্বাচনের আগ থেকেই একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। নির্বাচনে ব্যর্থ হয়ে তারা আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।
ক্যাম্পাস রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, কিছু চক্র শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ ও সুস্থ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ছাত্ররাজনীতির নামে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা শিক্ষার্থীরাই প্রতিহত করবে।
তিনি আরও বলেন, জনগণ অতীতের মতোই ভবিষ্যতেও সব ধরনের ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে।
রিপোর্টার্স২৪/ঝুম