রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দিয়ে জনগণকে প্রভাবিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, এসব কর্মসূচি চালাতে গিয়ে বিএনপির “তেল ও জ্বালানি ফুরিয়ে গেছে”।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার দেশের বাস্তব অর্থনৈতিক ও নিরাপত্তা সংকট অস্বীকার করছে। তার মতে, জ্বালানি সংকট, অর্থনৈতিক চাপ এবং আইনশৃঙ্খলার অবনতির বিষয়গুলোকে স্বীকার না করে সরকার বাস্তবতার বাইরে অবস্থান করছে।
তিনি বলেন, আমরা দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করতে চেয়েছিলাম, কিন্তু রাজনৈতিক দলগুলো সেই সহযোগিতার পথ বন্ধ করে দিচ্ছে। বর্তমান সরকারের জনপ্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তার দাবি, খুব অল্প সময়েই সরকার জনসমর্থন হারাচ্ছে এবং ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশে পরিবর্তনের যে আশা তৈরি হয়েছিল, তা বাস্তবায়নের জন্য গণভোটের মাধ্যমে জনগণের রায় কার্যকর করতে হবে।
বিএনপির ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, সংস্কার প্রক্রিয়ায় তারা শুরুতে বাধা দিলেও পরে চাপের মুখে ঐকমত্য কমিশনে অংশ নেয়। তবে সেখানেও তারা গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে ভিন্নমত দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, গণভোটকে কেন্দ্র করে বিএনপির অবস্থান পরিবর্তন তাদের রাজনৈতিক অসংগতি প্রমাণ করে।
তিনি আরও অভিযোগ করেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের প্রবণতা বাড়ছে, যা অতীতের শাসনব্যবস্থার পুনরাবৃত্তির শঙ্কা তৈরি করছে।
শেষে তিনি সতর্ক করে বলেন, যদি পুরোনো স্বৈরতান্ত্রিক ধারা ফিরে আসে, তবে তরুণ সমাজ ও ছাত্র-জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে।
রিপোর্টার্স২৪/ঝুম