রিপোর্টার্স২৪ ডেস্ক: দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে ফেরার মাত্র ১৫ ঘণ্টার মধ্যেই আবারও বন্ধ হয়ে গেছে।
শনিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রটির প্রথম ইউনিটের বয়লারের টিউব হঠাৎ বিস্ফোরিত হয়। এতে তাৎক্ষণিকভাবে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ওই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
ফলে বর্তমানে কেন্দ্রটির সব ইউনিটের উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
এর আগে গত বুধবার (২২ এপ্রিল) রাতে কয়লার সঙ্গে পাথর চলে আসায় বয়লারের পাইপ ফেটে যায় এবং কুলিং ফ্যান ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় প্রথম ইউনিটটি বন্ধ হয়ে যায়। টানা মেরামতের পর শুক্রবার (২৪ এপ্রিল) রাতে ইউনিটটি পুনরায় চালু করা হলেও অল্প সময়ের মধ্যেই আবারও যান্ত্রিক ত্রুটিতে বন্ধ হয়ে যায়।
কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, বয়লারের টিউব ফেটে যাওয়ার কারণে ইউনিটটি বন্ধ করতে হয়েছে। বর্তমানে বয়লারের স্টিম ঠান্ডা করার কাজ চলছে। মেরামত শেষে পুনরায় উৎপাদনে ফিরতে ৫ থেকে ৬ দিন সময় লাগতে পারে বলে তিনি জানান।
এদিকে কেন্দ্রটির উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় পার্বতীপুরসহ উত্তরাঞ্চলের অন্তত ৮টি জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন দেখা দিয়েছে। এতে এসব এলাকায় লোডশেডিং বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম