রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গভীর রাতে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। শুক্রবার রাত ২টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয় সূত্র জানায়, একটি হার্ডওয়্যার দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়। পরে তা দ্রুত পাশের একটি ভাঙারি দোকান ও একটি মাছের আড়তে ছড়িয়ে পড়ে। এতে তিনটি দোকানই সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে আগুনের বড় ধরনের বিস্তার রোধ করা সম্ভব হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. মফিজুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।
রিপোর্টার্স২৪/মিতু