আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান আগ্রহ দেখালেই যেকোনো সময় শান্তি আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে ওয়াশিংটন। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমাদের হাতে সব ক্ষমতা আছে। তারা (ইরান) যখন খুশি আমাদের ফোন করতে পারে। তাঁর এ বক্তব্যকে চলমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক দরজা খোলা রাখার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
একই সাক্ষাৎকারে ট্রাম্প জানান, পাকিস্তানে সম্ভাব্য বৈঠকের পরিকল্পনা বাতিল করা হয়েছে। তিনি বলেন, তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার সফরের প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরানের সঙ্গে সরাসরি বৈঠকের সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, আমি আমার লোকজনকে বলেছি—তোমাদের সেখানে যাওয়ার কোনো অর্থ নেই। শুধু অপ্রয়োজনীয় আলোচনা করার জন্য ১৮ ঘণ্টার বিমানযাত্রা করার দরকার নেই।
এদিকে, একই দিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-এর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে আঞ্চলিক সংকটের স্থায়ী সমাধানে তেহরানের প্রস্তাবগুলো তুলে ধরা হয় বলে জানা গেছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, পাকিস্তান সফর শেষে আরাঘচি শিগগিরই ওমান ও রাশিয়া সফর করবেন, যেখানে চলমান পরিস্থিতি নিয়ে আরও আলোচনা হতে পারে।
রিপোর্টার্স২৪/বাবি