নোয়াখালী প্রতিনিধি: ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে “উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশীষ কুমার কর। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনুর রশিদ।
কর্মশালায় অন্যান্যের মধ্যে ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. নুরুজ্জামান, ম্যানেজার (এগ্রি মেশিনারিজ) মো. ফজলে রাফি, রিজিওনাল সেলস ম্যানেজার মো. মনিরুজ্জামান খান, টেরিটরি সেলস অফিসার মো. জোবায়ের হোসেন, সম্প্রসারণ কর্মকর্তা মো. সুজন মিয়া, ব্র্যান্ড প্রমোটর মো. রিয়াজ উদ্দিনসহ নোয়াখালী জেলার বিভিন্ন ডিলার ও রিটেইলারগন উপস্থিত ছিলেন ।
কর্মশালায় কৃষিতে উত্তম কৃষি পদ্ধতি প্রয়োগের মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের প্রয়োজনীয়তা, এর উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, বায়োপেস্টিসাইড ব্যবহারের ফলে মাটির উর্বরতা বজায় থাকে, ফসলের গুণগত মান উন্নত হয় এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।
এছাড়াও কর্মশালায় ব্র্যাকের উদ্ভাবিত বিভিন্ন কৃষি উপকরণ যেমন ধান, সবজি, ভুট্টা ও আলুর বীজ এবং বিভিন্ন ধরনের বায়োপেস্টিসাইড সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।
দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারীরা আমন মৌসুমের ধান ও সবজি বীজ, বায়োপেস্টিসাইড ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা, প্রয়োগ পদ্ধতি এবং মাঠপর্যায়ে এর কার্যকারিতা সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।
কর্মশালার প্রধান অতিথি আশীষ কুমার কর বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা পরিবেশবান্ধব কৃষি চর্চায় আরও আগ্রহী হবেন এবং ইউনিয়ন পর্যায়ে নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রিপোর্টার্স২৪/মিতু