পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য পোস্টের অভিযোগে গ্রেপ্তার হওয়া কলেজছাত্র নিশাত ইসলাম (১৬) জামিনে মুক্তি পেয়েছেন। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পঞ্চগড় জেলা কারাগার থেকে মুক্ত হয়ে তিনি পরিবারের কাছে ফিরে যান।
এর আগে বিকেলে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তার জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মিলন বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্র জানায়, মামলার চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত নিশাত জামিনে থাকবেন।
জানা গেছে, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের দৃষ্টি আকর্ষণের পর ঘটনাটি নতুন মোড় নেয়। শিক্ষার্থীর বয়স, ভবিষ্যৎ এবং বিষয়টির প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে প্রতিমন্ত্রী ক্ষমা করার সিদ্ধান্ত নেন। পরে বাদীপক্ষ জামিনে আপত্তি না জানালে আদালত জামিন মঞ্জুর করেন।
আইনজীবী মোস্তাফিজুর রহমান মিলন বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করে জামিন আবেদন করা হয়। প্রতিমন্ত্রীর সহায়তায় আদালতের নির্দেশে তাকে মুক্ত করা সম্ভব হয়েছে।
নিশাতের বাবা আশরাফুল ইসলাম ছেলের মুক্তিতে স্বস্তি প্রকাশ করে বলেন, আমার ছেলে না বুঝে ভুল করেছে। প্রতিমন্ত্রীর মহানুভবতায় আমরা কৃতজ্ঞ।
মুক্তির পর নিশাত নিজেও ভুল স্বীকার করে বলেন, আমি না বুঝে ভুল করেছি। আমাকে ক্ষমা করা হয়েছে—এটাই সবচেয়ে বড় পাওয়া।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খলিলুর রহমান বলেন, নিশাত অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়েছে। প্রতিমন্ত্রীর উদ্যোগ ও স্থানীয়দের অনুরোধে অভিযোগকারী পক্ষ নমনীয় অবস্থান নেয়।
উল্লেখ্য, গত শুক্রবার (২৪ এপ্রিল) দেবীগঞ্জ উপজেলার হাজিপাড়া এলাকা থেকে নিশাতকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ ছিল, তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রতিমন্ত্রীর একটি ভিডিও ও ছবি শেয়ার করে তাতে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ ঘটনায় শনিবার দেবীগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন স্থানীয় যুবদল নেতা আব্দুস সালাম।
রিপোর্টার্স২৪/বাবি