ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে কৃষক আশ্রব আলী হত্যা মামলায় একই পরিবারের তিনজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় ময়মনসিংহ বিশেষ দায়রা জজ ফারাহানা ফেরসৌদের আদালত এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নূর হোসেন (৫৭), সহিদুল (৩৭) ও উজ্জ্বল মিয়া (৩২)। এদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
সেইসংঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সোহরাব আলী (৬৪), স্বরুপা খাতুন (৫৭) ও রেহানা খাতুন (৫৪)। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্ত সবাই ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের দেওখালী গ্রামের বাসিন্দা।
এর আগে, জমি-সংক্রান্ত বিরোধের জেরে ২০১৪ সালের ১৮ জানুয়ারি ভোরে প্রতিবেশী কৃষক আশ্রব আলীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে মো. জুলহাস উদ্দিন ১৯ জানুয়ারি, ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ২০১৭ সালের ১৬ আগস্ট আদালতে ছয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ সোমবার রায় প্রকাষ করা হয়েছে।
এদিকে সন্তোষ প্রকাশ করে বাদী মো. জুলহাস মিয়া জানান, দীর্ঘদিন পর তারা ন্যায়বিচার পেয়েছেন ।
তবে রায়ে অসন্তোষ প্রকাষ করে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আকরাম হোসেন বলেন, জমি বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছিল। আদালত তিনজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।