হবিগঞ্জ প্রতিনিধি: ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া একটি মানবপাচার চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। সোমবার (২৭ এপ্রিল) ভোরে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের রুমান মিয়া (৩৬) ও সোহাগ মিয়া (২৫)। তারা আজমিরীগঞ্জ থানায় দায়ের করা মানবপাচার মামলার পলাতক আসামি।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা এলাকার ইমন চৌধুরী (২০) নামে এক যুবককে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে তার পরিবারের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। প্রথমে পাসপোর্টসহ নগদ ৩ লাখ টাকা নেওয়ার পর বিভিন্ন ধাপে আরও অর্থ আদায় করা হয়।
তদন্তে জানা যায়, ইতালি পাঠানোর কথা থাকলেও ইমনকে প্রথমে সৌদি আরব এবং পরে লিবিয়ায় পাঠানো হয়। লিবিয়ায় নেওয়ার পর তার পরিবারের কাছে আরও অর্থ দাবি করে চক্রটি এবং টাকা না দিলে হত্যার হুমকি দেয়। একপর্যায়ে পরিবারের সঙ্গে ইমনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সম্প্রতি লিবিয়ার মরুভূমিতে বেশ কিছু মরদেহ পড়ে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ইমনের পরিবার গভীর উদ্বেগে পড়ে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বজনরা।
ঘটনার পর ইমনের বাবা বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ অনুযায়ী মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আজমিরীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মানবপাচারসহ সব ধরনের সংঘবদ্ধ অপরাধ দমনে র্যাবের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/বাবি