আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি মহাসড়কে শক্তিশালী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। দেশটির সরকার সোমবার (২৭ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে। আহত হয়েছেন অন্তত ৫৬ জন।
বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা গেছে, কোকেন পাচারকারী বিদ্রোহী গোষ্ঠীর চালানো এ হামলাকে গত কয়েক দশকের মধ্যে বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ আক্রমণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেড্রো সানচেজ জানান, শনিবারের বিস্ফোরণে নিহতদের মধ্যে অন্তত ১৫ জন নারী রয়েছেন। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে কালি ও পোপায়ান শহরের সংযোগকারী প্রধান সড়কে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই হামলার জন্য ‘ইভান মরডিস্কো’ নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছেন। মরডিস্কো মূল ফার্ক বাহিনীর একটি দলছুট অংশের প্রধান। ২০১৬ সালে মূল ফার্ক অস্ত্র সমর্পণে রাজি হলেও তার নেতৃত্বাধীন অংশটি শান্তি প্রক্রিয়ার বিরোধিতা করে আসছে।
সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, গত সপ্তাহান্তে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অন্তত ৩১টি গেরিলা হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। আগামী ৩১ মে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে দেশজুড়ে নাশকতামূলক তৎপরতা বাড়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
বর্তমান সরকারের উত্তরসূরি নির্বাচনের লড়াইয়ে ‘নিরাপত্তাহীনতা’ ও ‘বিদ্রোহী দমন’ বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে, ২০০৩ সালে বোগোতার একটি নাইটক্লাবে ফার্কের বোমা হামলার পর এটিই বেসামরিকদের ওপর সবচেয়ে বড় হামলা। আসন্ন নির্বাচনে এ ঘটনার গভীর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/বাবি