স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও বর্তমান সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ১৯৭১ সালে ফেসবুক থাকলে দেশ স্বাধীন হতো কিনা, তা আমি জানি না। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, বড় বড় কথা বলে রাজনীতি হয় না।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ও নেতিবাচক—উভয় দিক তুলে ধরেন।
শামা ওবায়েদ বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে একই সঙ্গে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়ানোর ঝুঁকিও তৈরি করছে। বিএনপি কখনো পরিচয় গোপন করে রাজনীতি করে নাই। হাজার হাজার নেতা-কর্মীরা বুকে গুলি খেয়ে কারাগারে গিয়েছে, নির্মম অত্যাচার সহ্য করে একটি ৫ আগষ্ট এনেছে। ফেসবুকে কাউকে ছোট করে কিছু অর্জন করে নাই। দুই এক দিনের মিছিল মিটিং আর আন্দোলনে ৫ আগষ্ট আসে নাই, এর প্রেক্ষাপট ১৭ বছরে তিল তিল করে জমা হয়েছে।
তিনি আরও বলেন, দেশে গুম ও হত্যার ঘটনাগুলোর বিচার বিএনপির হাত ধরেই হবে। জুলাই সনদও এই বিএনপির হাত ধরেই বাস্তবায়ন হবে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের প্রত্যেকটা রিফর্মেশন বিএনপির হাতে ধরেই হয়েছে।
মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি ইঙ্গিত করেন, ১৯৭১ সালের বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। তখনকার সংগ্রাম ছিল সরাসরি যুদ্ধ, আত্মত্যাগ ও জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর নির্ভরশীল। বর্তমান প্রজন্মের কাছে সেই ইতিহাস সঠিকভাবে তুলে ধরা এবং বিকৃতি রোধ করা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
তার এ বক্তব্য সংসদে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। কেউ এটিকে বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখছেন, আবার কেউ সমালোচনা করছেন।