রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের স্বার্থবিরোধী বলে অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি বাতিলের প্রস্তাব দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, বর্তমান সরকার চাইলে এই চুক্তি বাতিল করতে পারে এবং বিষয়টি সংসদে আলোচনা হওয়া প্রয়োজন।
বুধবার (২৯) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষে বক্তব্য দিতে গিয়ে রুমিন ফারহানা বলেন, সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর একটি বৈঠক হয়েছে, যেখানে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক নিয়ে বিভিন্ন বিষয় উঠে আসে।
তিনি জানান, বৈঠকে আমদানি-রপ্তানির ভারসাম্যহীনতা, বাংলাদেশের পক্ষ থেকে কৃষি ও জ্বালানি পণ্য আমদানির প্রতিশ্রুতি, দেশে ব্যবসার পরিবেশ উন্নয়ন এবং বিনিয়োগ আকর্ষণে নীতি সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ থেকে রপ্তানির পরিমাণ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
রুমিন ফারহানা বলেন, যুক্তরাষ্ট্র থেকে তুলনামূলক কম পণ্য আমদানি করার কারণে বাণিজ্য ঘাটতি সৃষ্টি হয়েছে, যা পূরণের লক্ষ্যেই এই চুক্তি করা হয়েছে। তবে তিনি দাবি করেন, জাতীয় নির্বাচনের ঠিক তিনদিন আগে, গত ৯ ফেব্রুয়ারি চুক্তিটি স্বাক্ষরিত হওয়ায় তা নিয়ে প্রশ্ন উঠেছে।
তিনি আরও বলেন, সে সময় দেশের সুশীল সমাজ ও বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক বারবার সতর্ক করে জানিয়েছিল যে, একটি অনির্বাচিত সরকারের এ ধরনের গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করা উচিত নয়। তাদের মতে, চুক্তির বিভিন্ন ধারা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হতে পারে। নির্বাচনের পর একটি নির্বাচিত সরকার গঠনের পর বিষয়টি বিবেচনা করার আহ্বানও জানানো হয়েছিল। কিন্তু এসব মতামত উপেক্ষা করেই চুক্তিটি স্বাক্ষরিত হয় বলে অভিযোগ করেন তিনি।
তবে তার বক্তব্যের প্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এটি পয়েন্ট অব অর্ডারের আওতায় পড়ে না। তিনি সংসদের কার্যপ্রণালি বিধির ৩০১ ধারা উল্লেখ করে বলেন, পয়েন্ট অব অর্ডার হতে হলে তা সংসদের চলমান কার্যসূচি বা শৃঙ্খলা সংক্রান্ত হতে হবে। নতুন কোনো বিষয় উত্থাপন করতে হলে যথাযথ নোটিশ দিতে হবে, যা বিবেচনা করে দেখা হবে।
রিপোর্টার্স২৪/ঝুম