রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় সংসদের চলমান অধিবেশনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধী দলীয় সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ রবিউল বাশার।
বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম পর্ব চলাকালে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীরা তাকে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে নিয়ে যান। সেখানে উপস্থিত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
পরে জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ এই সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় তিনি প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
সংসদে উপস্থিত ব্যক্তিরা জানান, প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয় এবং এমপি রবিউল বাশারের শারীরিক অবস্থার বিষয়ে স্বস্তি ফিরে আসে।
রিপোর্টার্স২৪/ঝুম