স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে সরাসরি সমালোচনা করেছেন সাকিব আল হাসান। তার মতে, ওই সময় সরকারের নেওয়া সিদ্ধান্ত দেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতির কারণ হয়েছে।
একটি জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ দলের এই অলরাউন্ডার বলেন, ভারতের ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তটি সঠিক ছিল না।
সাকিব বলেন, বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটা ভুল ছিল বলে আমি মনে করি। তিনি আরও বলেন, এমন বৈশ্বিক আসরে না খেলা শুধু দলের জন্য নয়, দেশের ক্রিকেটপ্রেমীদের জন্যও বড় হতাশার বিষয়।
দেশের মানুষের আবেগের জায়গা ক্রিকেট—এ কথা উল্লেখ করে সাকিব বলেন, বিশ্বকাপ মিস করা বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতি। তার ভাষায়, আমি মনে করি এটা বড় ক্ষতি। বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা বড় ক্ষতি। কারণ আমরা একটি দেশ হিসেবে বিশ্বকাপে আমাদের দেশের খেলোয়াড়দের খেলতে দেখতে ভালোবাসি।
এদিকে বর্তমান দল নিয়ে আশাবাদও প্রকাশ করেন সাকিব। তার মতে, তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া দলটি এখন বেশ ভারসাম্যপূর্ণ এবং ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে।
তিনি বলেন, দলটি এখন সত্যিই ভালো খেলছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সাফল্যের প্রসঙ্গ টেনে সাকিব জানান, ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে এখন দলগতভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তার মতে, সম্ভাবনাময় তরুণদের সঙ্গে অভিজ্ঞদের সমন্বয় ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে।