আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুদ্ধের ‘চোরাবালিতে’ আটকে গেছেন বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সমালোচনা করেছেন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য জন গারামেন্ডি।
বুধবার (২৯ এপ্রিল) হাউস আর্মড সার্ভিসেস কমিটি-র শুনানিতে তিনি ইরান যুদ্ধের কৌশলগত দিক নিয়ে প্রশ্ন তোলেন। গারামেন্ডি ট্রাম্পের যুদ্ধকৌশলকে “চরম অযোগ্যতা” আখ্যা দিয়ে বলেন, ইরানের সরকার এখনো অক্ষত রয়েছে এবং তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস হয়নি। বরং এই সংঘাত চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে ইরানের সম্পর্ককে আরও জোরদার করেছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, বাস্তবে ট্রাম্প মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের চোরাবালিতে আটকে গেছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, এ যুদ্ধে মার্কিন সেনাদের হতাহত হওয়া এবং হাজার হাজার বেসামরিক মানুষের প্রাণহানি যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর ক্ষতির কারণ হয়েছে।
তবে গারামেন্ডির এই মন্তব্যের জবাবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এটিকে “বেপরোয়া” বলে অভিহিত করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আপনার ঘৃণা আপনাকে অন্ধ করে দিয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক হামলা চালায়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ রাজনৈতিক ও সামরিক ব্যক্তিত্ব নিহত হন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। পাশাপাশি হাজার হাজার বেসামরিক মানুষ হতাহত হওয়ার খবরও পাওয়া গেছে।
এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন ও ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে, ফলে অঞ্চলটিতে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।