রিপোর্টার্স২৪ ডেস্ক: বিরোধী দলের আপত্তি সত্ত্বেও জাতীয় সংসদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন ২০২৬ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০২৬ পাস হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে বিল দুটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে বিরোধী দলের আপত্তি থাকলেও কণ্ঠভোটে বিল দুটি পাস হয়।
নতুন সংশোধিত আইনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান বা কমিশনার নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বয়সসীমা সংক্রান্ত বিধান বাতিল করা হয়েছে। আগে ৬৫ বছর বয়স পূর্ণ হলে এ পদে নিয়োগ বা দায়িত্বে থাকার সুযোগ ছিল না।
অন্যদিকে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আইনে থাকা ৬৭ বছর বয়সসীমার বিধানও সংশোধনের মাধ্যমে বাতিল করা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, অভিজ্ঞ, দক্ষ ও জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে আইনগুলো আধুনিক ও সময়োপযোগী করা প্রয়োজন।
রিপোর্টার্স২৪/ঝুম