কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা রেজিস্ট্রি অফিসে গতরাত আনুমানিক ১২টার দিকে সংঘটিত হয়েছে চুরির ঘটনা। অফিসের নিচতলা থেকে শুরু করে দোতলা ও তিনতলা সব রুমেই চোর ভাঙচুর চালিয়েছে। অফিস খোলার পর একে একে সামনে আসে সব চিত্র।
জেলা রেজিস্ট্রার মোঃ রুহুল কুদ্দুছ জানান, চোর একাধিক রুমে প্রবেশ করলেও, কোনো নথিপত্র, কম্পিউটার বা ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়নি। ধারণা করা হচ্ছে টাকার সন্ধানেই তাদের প্রবেশ, তবে অফিসে টাকা না থাকায় বড় কোনো ক্ষতি হয়নি।
অফিসের প্রশাসনিক কর্মকর্তার রুমের ড্রয়ারসহ তিনটি আলমারি ভেঙে ফেলা হয়েছে। একই সাথে টিসি সহকারীর রুমের তালা ভেঙে টেবিলের ড্রয়ারে চালানো হয়েছে ভাঙচুর। তবে এখন পর্যন্ত কোন নথি বা ল্যাপটপ বা অন্য কোন জিনিসের খোয়া যাওয়ার তথ্য মেলেনি।
চুরির ঘটনাটি প্রথম দেখতে পান দপ্তর সহায়ক আবুল হোসেন। তিনি আবার নৈশ প্রহরীর কাজও করে থাকেন। তিনি সন্ধ্যায় লাইট জ্বালিয়ে বাসায় খেতে যান। পরে এসে দেখেন অফিসের গ্রীল ও তালা ভাঙা।
কর্মকর্তাদেরকে ঘটনাটি সঙ্গে সঙ্গে জানানো হলেও রাতে কোন কর্মকর্তা বা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হননি এবং এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোন জিডি করা হয়নি বলেও জানা গেছে।
অফিস কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ দেখাতে ব্যর্থ হয়েছে। তারা জানিয়েছে কিভাবে ফুটেজ বের করতে হয় তা তারা জানে না। এদিকে অফিসের সেবা গ্রহণকারীরা বলছেন-এটি একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। এখানে নথিপত্র চুরি বা নষ্ট হলে জনগণ এবং রাষ্ট্র উভয়ই ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই দ্রুত তদন্ত দাবি করেছেন তারা।
রাতের এই চুরির ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিক অভিযোগ বা তদন্ত শুরু না হওয়ায় প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে হয়তো বেরিয়ে আসতে পারে সত্যিকার তথ্য।
রিপোর্টার্স২৪/মিতু