রিপোর্টার্স২৪ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় তালাকপ্রাপ্ত প্রবাসী স্বামীর বিদেশ যাত্রা ঠেকাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন জেসমিন আক্তার এবং মইনুল ইসলাম চৌধুরী সামাদ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুলাউড়া থানায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, জেসমিন আক্তার উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের আব্দুলপুর গ্রামের বাসিন্দা। অন্যদিকে সামাদ একই ইউনিয়নের ভবানীপুর গ্রামের একজন ব্যবসায়ী।
ঘটনার পেছনে রয়েছে পারিবারিক বিরোধ। জানা গেছে, জেসমিন আক্তারের সাবেক স্বামী মাহতাব মিয়ার সঙ্গে তার তালাকের পর থেকে পারিবারিক দ্বন্দ্ব চলছিল এবং বিষয়টি আদালতেও গড়িয়েছে। অভিযোগ রয়েছে, বিরোধের জেরে একপর্যায়ে জেসমিন তার সাবেক স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগও তুলেছিলেন।
পুলিশ জানায়, মাহতাব মিয়া বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এ খবর জানার পর তাকে বিদেশ যাত্রা থেকে বিরত রাখতে একটি পরিকল্পনা করা হয়। সেই পরিকল্পনার অংশ হিসেবে বৃহস্পতিবার কুলাউড়া থানায় আসেন জেসমিন ও সামাদ।
এ সময় থানা পরিদর্শনে ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান এবং মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে সামাদ কৌশলে জেসমিনের কাছ থেকে টাকা নিয়ে কিছু অংশ সরিয়ে পুলিশ সুপারের কাছে দেওয়ার চেষ্টা করেন।
বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের আটক করে। পরে ঘটনাস্থল থেকে নগদ অর্থসহ দুজনকে হেফাজতে নেওয়া হয়।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান মোল্যা জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আটক দুইজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
অন্যদিকে পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, তারা প্রথমে আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল। পরে থানায় এসে একটি খামে টাকা দেয়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় এবং তাদের আটক করা হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
রিপোর্টার্স২৪/ঝুম