রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় দায়িত্বশীলদের কর্মী সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সম্মেলনে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাদিক কায়েম নিজেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
দলীয় সূত্র জানিয়েছে, আগামী এক থেকে দুই দিনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করবে।
এদিকে, দলটির একটি নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যেই সাদিক কায়েম সম্প্রতি তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) খাগড়াছড়ি থেকে স্থানান্তর করে ঢাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। তবে এখনো পর্যন্ত তিনি প্রকাশ্যে কোনো বড় ধরনের নির্বাচনী প্রচারণা শুরু করেননি।
এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “ঢাকার দুই সিটি করপোরেশনের জন্যই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এক থেকে দুই দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।”
রাজনৈতিক অঙ্গনে এ ঘোষণাকে ঘিরে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম