রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “১৯৭১ সালের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়।” তার দাবি, সময়ের প্রয়োজনে দলের গঠনতন্ত্র একাধিকবার পরিবর্তন করা হয়েছে এবং বর্তমানে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো দলীয় নীতির অংশ।
শুক্রবার (১ মে) সকালে কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার আয়োজিত এক শ্রমিক সমাবেশ শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান গঠনতন্ত্রে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানানোর বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, একটি মহল পুরোনো রাজনৈতিক বিতর্ককে ইচ্ছাকৃতভাবে টিকিয়ে রাখতে চায়। তার ভাষায়, “এটি দেশপ্রেমের প্রকাশ নয়, বরং জাতিকে বিভক্ত করার একটি বিদেশি ষড়যন্ত্র।”
তিনি আরও বলেন, জাতীয় স্বার্থে এসব বিতর্কের অবসান হওয়া প্রয়োজন এবং নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ বাংলাদেশ উপহার দিতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, “আমাদের আমিরে জামায়াত বলেছেন, ইতিহাস নিয়ে পড়ে থাকলে আমরা ইতিহাস গড়তে পারব না। স্বাধীনতার পর জন্ম নেওয়া প্রজন্মকে স্বাধীনতা বিরোধী বলা যৌক্তিক নয়।
তার দাবি, দেশের উন্নয়নের জন্য অতীত বিতর্কের চেয়ে ভবিষ্যৎ নির্মাণে মনোযোগী হওয়া বেশি জরুরি।
রিপোর্টার্স২৪/ঝুম