স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বে শক্তির পালাবদল চলছেই। তবে ধারাবাহিক পারফরম্যান্সের জোরে শীর্ষস্থান এখনো নিজেদের দখলেই রেখেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে সুখবর এসেছে বাংলাদেশের নারী ক্রিকেটে, র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে তারা এখন সপ্তম।
সম্প্রতি বার্ষিক হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। এতে দেখা গেছে, পুরুষদের টেস্ট এবং নারীদের ওয়ানডে দুই ফরম্যাটেই শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।
পুরুষদের টেস্ট র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার রেটিং ১৩১, যা তাদের প্রথম স্থান নিশ্চিত করেছে। দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা (১১৯)। ভারত (১০৪) উঠে এসেছে তৃতীয় স্থানে, আর ইংল্যান্ড (১০২) নেমে গেছে চতুর্থ স্থানে। নিউজিল্যান্ড (১০১) রয়েছে পঞ্চম স্থানে। অন্যদিকে, পাকিস্তান (৮৯) উন্নতি করে এখন ষষ্ঠ স্থানে। শ্রীলঙ্কা (৮৬) নেমে গেছে সপ্তমে।
এদিকে আয়ারল্যান্ড এই তালিকা থেকে বাদ পড়েছে, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে তারা পর্যাপ্ত টেস্ট ম্যাচ খেলতে পারেনি।
নারীদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ ছয় দলের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। অস্ট্রেলিয়া (১৬৩) এখনও শীর্ষে থাকলেও তাদের ব্যবধান কিছুটা কমেছে। দ্বিতীয় স্থানে ইংল্যান্ড (১২৮) এবং তৃতীয় স্থানে ভারত (১২৪) রয়েছে।
দক্ষিণ আফ্রিকা (১০০), নিউজিল্যান্ড (৯৩) এবং শ্রীলঙ্কা (৮৯) যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে। সবচেয়ে বড় অগ্রগতি করেছে বাংলাদেশ নারী দল। তারা পাকিস্তানকে পেছনে ফেলে সপ্তম স্থানে উঠে এসেছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব