সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ছয় কোটি টাকা মূল্যের ভারতীয় ক্রিস্টাল মেথ আইসসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১ মে) বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধীন কাকডাঙ্গা, মাদরা, বৈকারী ও কালিয়ানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শাদমান সাকিব জানান, বৈকারী বিওপির একটি দল সীমান্ত পিলার ৭/৫৬-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিয়ানী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি ৯৪ লাখ টাকা মূল্যের ভারতীয় ক্রিস্টাল মেথ আইস জব্দ করে।
এছাড়া কালিয়ানী বিওপির আরেকটি দল সীমান্ত পিলার ৭/৬৫-এস সংলগ্ন কালিয়ানী নীলকুঠি এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি ২৬ লাখ টাকা মূল্যের আরও ভারতীয় ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে।
অন্যদিকে কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি দল কলারোয়া থানার কেড়াগাছি ও গেড়াখালী এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি জব্দ করে।
এছাড়া মাদরা বিওপির একটি বিশেষ দল উত্তর ভাদিয়ালী এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।
জব্দ করা মাদক ও চোরাচালানি পণ্যের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।