আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সামরিক হামলাকে ভুল সিদ্ধান্ত মনে করছেন অধিকাংশ মার্কিন নাগরিক। ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ ও ইপসোসের যৌথ এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপ অনুযায়ী, ৬১ শতাংশ মার্কিনি মনে করেন ইরানের বিরুদ্ধে হামলা যুক্তরাষ্ট্রের জন্য সঠিক সিদ্ধান্ত ছিল না। তাদের আশঙ্কা, এ যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে এবং যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে তুলতে পারে।
জরিপ বিশ্লেষণে বলা হয়েছে, এই জনমত ২০০৬ সালে ইরাক যুদ্ধ নিয়ে পরিচালিত জরিপের সঙ্গে প্রায় মিল রয়েছে। সে সময় ৫৯ শতাংশ মার্কিনি ইরাক যুদ্ধকে ভুল সিদ্ধান্ত বলেছিলেন। এছাড়া ১৯৭১ সালে গ্যালাপের এক জরিপে প্রতি ১০ জনের মধ্যে ছয়জন ভিয়েতনাম যুদ্ধকে ভুল হিসেবে অভিহিত করেছিলেন।
সাম্প্রতিক জরিপে রাজনৈতিক দলভিত্তিক মতামতেও বড় পার্থক্য দেখা গেছে। ডেমোক্র্যাটদের মধ্যে প্রতি ১০ জনের ৯ জনই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন। এছাড়া ৭১ শতাংশ স্বতন্ত্র ভোটার এবং ১৯ শতাংশ রিপাবলিকান সমর্থকও হামলাকে ভুল বলে মনে করছেন।