রিপোর্টার্স ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাকা ধান পানিতে ডুবে যেতে দেখে জমির আইলে লুটিয়ে পড়ে আহাদ মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা। পরিবার ও স্থানীয় লোকজন জানান, কৃষক আহাদ এবার বোরো মৌসুমে ধারদেনা করে ছয় বিঘা ধান রোপণ করেছিলেন।
পাকার সময়ে হঠাৎ ভারী বৃষ্টি ও উজানের ঢলে সব ধান পানিতে তলিয়ে যায়। ধান কাটতে সকালে শ্রমিক নিয়ে জমিতে যান তিনি। এসময় ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে অচেতন হয়ে পড়েন তিনি। পরে লোকজন উদ্ধার করে বাড়িতে আনার সময় তিনি মারা যান। স্থানীয় ইউপি সদস্য আহামেদ আলী বলেন, চোখের সামনে সব শেষ হয়ে যেতে দেখে মানুষটা সহ্য করতে পারেনি।
নিহত কৃষকের ভাতিজা মোহাম্মদ ফারুক আহমেদ জানান, দুপুরে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান আহমেদ জানান, দুই দিন আগেও প্রায় দেড় হাজার বিঘা জমি তলিয়ে গিয়েছিল। টানা বৃষ্টিতে আরও দুই থেকে তিন হাজার বিঘা জমি নতুন করে তলিয়েছে বলে কৃষকেরা জানিয়েছেন। একজন কৃষকের মৃত্যুর খবর শুনে আমাদের এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, একজন কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। কৃষি কর্মকর্তাকে সরেজমিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রকৃত কৃষকদের প্রণোদনার আওতায় আনার চেষ্টা চলছে।
রিপোর্টার্স২৪/মিতু