নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আজ রোববার ষষ্ঠ সাক্ষীর জবানবন্দি গ্রহণের দিন নির্ধারিত রয়েছে।
রোববার (৩ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা।
মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন জুনাইদ আহমেদ পলক। অন্যদিকে পলাতক থাকায় সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম আদালতে আইনি কার্যক্রম পরিচালনা করছেন।
এর আগে গত ২৬ এপ্রিল পঞ্চম সাক্ষী হিসেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক কর্মকর্তার জেরা সম্পন্ন হয়। ওই সাক্ষীকে আসামিপক্ষের আইনজীবী আমিনুল গণি টিটোসহ অন্যরা জেরা করেন। তার জবানবন্দি রেকর্ড করা হয় ১৯ এপ্রিল। জেরা শেষ হওয়ায় আজকের দিনটি নতুন সাক্ষ্যগ্রহণের জন্য নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের আনা অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৪ জুলাই রাতে ফেসবুকে উসকানিমূলক বার্তা দেওয়ার নির্দেশনা দেন জয় এবং তা বাস্তবায়ন করেন পলক। এর পরিপ্রেক্ষিতে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এ ছাড়া ইন্টারনেট বন্ধ রাখা এবং সহিংসতা উসকে দেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
অভিযোগে আরও বলা হয়, এসব ঘটনায় রাসেল, মোসলেহ উদ্দিনসহ অন্তত ২৮ জন নিহত হন। পাশাপাশি উত্তরায় আরও ৩৪ জনকে হত্যায় সহায়তার অভিযোগও অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ২১ জানুয়ারি জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। এর আগে গত বছরের ৪ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন একই আদালত।
রিপোর্টার্স২৪/ এম এইচ