মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা ছাত্রদলের ৪৮৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির-এর স্বাক্ষরিত প্যাডে শনিবার (২ মে) রাত সাড়ে ১১টার দিকে এ কমিটি প্রকাশ করা হয়।
কমিটি ঘোষণার পরপরই নেতাকর্মীরা মানিকগঞ্জ শহরের শহীদ স্তম্ভ এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে দায়িত্ব দিয়েছেন, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন এবং বর্তমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, কোনো ধরনের বিশৃঙ্খল বা অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় নেতাকর্মীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ২৬ জানুয়ারি আব্দুল খালেক শুভকে সভাপতি এবং সিরাজুল ইসলাম খান সজিব-কে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরে দপ্তর সম্পাদক হিসেবে শোয়েব হাসান শান এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে শাহিনুর হোসেন শাহিন-কে অন্তর্ভুক্ত করে কমিটি সম্প্রসারণ করা হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ এবং সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়নসহ আরও অনেকে।
রিপোর্টার্স২৪/এসএন