লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘ প্রায় আট বছর পর সম্মেলন ছাড়াই লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের ১৮ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে আবুল বারাকাত সৌরভকে আহ্বায়ক, আব্দুল্লাহ আল খালেদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং হাসিবুর রহমান অভিকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, এর আগে সর্বশেষ ২০১৮ সালের ৫ জুন হাসান মাহমুদ ইব্রাহিমকে সভাপতি এবং আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ ৭ বছর ১০ মাস ২৬ দিন পর নতুন এ কমিটি অনুমোদন দেওয়া হলো। তবে নতুন কমিটি অনুমোদনের আগে পূর্ববর্তী কমিটি বিলুপ্তির কোনো আনুষ্ঠানিক চিঠি প্রকাশ হয়নি এবং কোনো সম্মেলনের আয়োজনও করা হয়নি বলে জানা গেছে।
নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এম এ মজিদ, দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু, ইসমাইল হোসেন, জামাল হোসেন, আকবর হোসেন মুন্না, মুসা আব্দুল্লাহ রাসেল, নাসিরুজ্জামান রাহাত, শাহবাজ মাহমুদ চৌধুরী, সাজ্জাদ হোসেন সাজু, ইরাজ মাহমুদ বাবু, শাহজাদা প্রিন্স, মাহফুজুর রহমান হৃদয়, নজরুল ইসলাম নিশাত, জহির রায়হান বাবু ও শাহিন আলম মুন্নাসহ অন্যরা।
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিগত কমিটির সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সাবেক ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন বলেন, “নতুন কমিটির জন্য শুভকামনা। সংগঠনকে আরও গতিশীল করতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দক্ষ সংগঠক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে।”
নবনির্বাচিত সদস্য সচিব হাসিবুর রহমান অভি বলেন, “আমাকে জেলা কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলকে সুসংগঠিত করতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। শিক্ষার্থীদের কল্যাণ ও অধিকার আদায়ে ছাত্রদল নিরলসভাবে কাজ করবে।”
রিপোর্টার্স২৪/এসএন