রিপোর্টার্স২৪ ডেস্ক: ডিসি সম্মেলনের উদ্বোধন শেষে রাষ্ট্রীয় প্রোটোকল ভেঙে রাস্তায় হাটলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ৩ মে ওসামনী স্মৃতি মিলনায়তনের দরজা দিয়ে বের হয়ে তিনি সোজা হেঁটে পা বাড়ান সচিবালয়ের দিকে, নিরাপত্তার ভেঙে মিলেমিশে যান সাধারণ মানুষের সাথে।
সরেজমিনে দেখা যায়, ওসমানী স্মৃতি মিলনায়তনের বাইরে প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত থাকা নিরাপত্তা ব্যবস্থা ছিল তুলনামূলক শিথিল। ব্যারিকেডের পাশে দাঁড়ানো মানুষও খুব কাছ থেকে তারেক রহমানকে দেখার সুযোগ পান।
দুপুর ২টা ৬ মিনিটের দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে বের হয়ে জনতার কাতারে নেমে আসেন প্রধানমন্ত্রী। রাস্তায় নামতেই অনেকেই তাকে সালাম দেন। জবাবে প্রধানমন্ত্রীও পথচারীদের সালামের উত্তর নেন। নিরাপত্তা ব্যবস্থা থাকলেও তা জনসাধারণের চলাচলে তেমন বাধা সৃষ্টি করেনি।
এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনব্যাপী ডেপুটি কমিশনারদের (ডিসি) সম্মেলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবারের মতো ডিসি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
বাৎসরিক এই সম্মেলনে মাঠ প্রশাসন পরিচালনার বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে সরকারের নীতিনির্ধারকদের কাছে ডিসিরা বিভিন্ন প্রস্তাব দেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনে আলোচনার জন্য ৪৯৮টি প্রস্তাব বাছাই করা হয়েছে। এসব প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত দেবে সরকার।
রিপোর্টার্স২৪/এসএন