স্টাফ রিপোর্টার: বিএনপি বহুদলীয় গণতন্ত্রের কথা বললেও বাস্তবে সেই আদর্শ থেকে সরে গিয়ে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (৩ মে) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোটবিষয়ক জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন। এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির উদ্যোগে দিনব্যাপী চার পর্বে এ কনভেনশন অনুষ্ঠিত হয়।
নাহিদ ইসলাম বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রের কথা বললেও নির্বাচনের পর তাদের আচরণ ও রাজনৈতিক অবস্থান সেই আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। তিনি দাবি করেন, সংবিধান সংশোধনের মাধ্যমে যত পরিবর্তনই আনা হোক না কেন, তা স্থায়ী হবে না যদি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না আসে।
তিনি আরও বলেন, বিএনপির বর্তমান রাজনৈতিক কৌশল ও অবস্থান পরোক্ষভাবে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার পথ উন্মুক্ত করে দিচ্ছে।
এনসিপি আহ্বায়ক অভিযোগ করেন, দেশের রাজনৈতিক দলগুলো এখনো ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি থেকে বের হতে পারেনি। ফলে জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক রূপান্তর বাস্তবায়িত হচ্ছে না।
কনভেনশনে জ্বালানি সংকট, অর্থনৈতিক বৈষম্য, মানবাধিকার পরিস্থিতি এবং গণভোটের রাজনৈতিক গুরুত্ব নিয়ে আলোচনা হয়। এতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক বিশ্লেষক, পেশাজীবী প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
রিপোর্টার্স২৪/বাবি