সাভার প্রতিনিধি: দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সাভারের সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেনকে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৩ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে জারি করা অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণ এবং বিধি ৩(ঘ) অনুযায়ী দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা (মামলা নং-০১/২০২৬) করা হয়েছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে সাভার সাব-রেজিস্ট্রি অফিস থেকে প্রত্যাহার করে মহাপরিদর্শক নিবন্ধন দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া দ্রুত দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (রেজিস্ট্রেশন) হাসান মাহমুদুল ইসলাম এবং সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আযিযুর রহমান স্বাক্ষর করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাকির হোসেনের বিরুদ্ধে জমির শ্রেণি পরিবর্তন, ভুয়া দাতা সাজিয়ে জাল দলিল তৈরি, সরকারি রাজস্ব ফাঁকি এবং পে-অর্ডার জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে।
এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি বলে জানা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তদন্ত ও বিভাগীয় মামলার মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।