প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 04-05-2026 ইং
সংবাদ শিরোনামঃ ৫ লিটার গোবর থেকে ৭ লিটার জ্বালানি তেল
দৌলতপুর প্রতিনিধি: ডিজেল সংকটে যখন দিশেহারা কৃষক, ঠিক তখনই আশার আলো দেখাচ্ছেন কুষ্টিয়ার দৌলতপুরের যুবক মনিরুল ইসলাম। অপ্রচলিত গোবর থেকে তিনি উদ্ভাবন করেছেন ডিজেলের বিকল্প জ্বালানি ‘ম্যাড’। যা দিয়ে চলছে ডিজেলচালিত ইঞ্জিন।
এর ফলে কৃষকেরা হচ্ছেন উপকৃত। তবে ডিজেলের বিকল্প জ্বালানি ‘ম্যাড’ ইঞ্জিনে ব্যবহার উপযোগী কি না, তা নিয়ে কাজ করছে স্থানীয় প্রশাসন।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের মেশিনারি ব্যবসায়ী মনিরুল ইসলাম ২০০৭ সাল থেকে ডিজেল ইঞ্জিনের বিকল্প জ্বালানি উদ্ভাবন নিয়ে কাজ শুরু করেন। দীর্ঘ চেষ্টায় তিনি সফলতাও পেয়েছেন।
৫ লিটার গোবরের সঙ্গে তার উদ্ভাবিত ১০০ গ্রাম বুস্টার মিশিয়ে তৈরি করছেন ৭ লিটার ডিজেলের বিকল্প ‘ম্যাড’। এটি ব্যবহার করে কৃষকেরা সাফল্য পাচ্ছেন বলে দাবি করেন তিনি। কম খরচে এই জ্বালানি ব্যবহারে কৃষকদের উৎপাদন ব্যয় কমেছে।
উদ্ভাবক মনিরুল ইসলাম জানান, বিশেষ ধরনের একটি বুস্টার উপাদান ব্যবহার করে তিনি গোবরকে পুনঃপ্রক্রিয়াজাত করে ডিজেলের বিকল্প জ্বালানিতে রূপান্তর করেছেন। এটি ৪টি উপাদানের সমন্বয়ে তৈরি, যা মূলত বুস্টারের মতো কাজ করে এবং জ্বালানির কার্যক্ষমতা বাড়ায়।
দীর্ঘদিনের গবেষণা ও পরীক্ষার সফল ফল হিসেবে এই প্রযুক্তি উদ্ভাবন করেছেন তিনি।
স্থানীয় কৃষক আকরাম হোসেন ও ওমর আলী জানান, ডিজেলের বিকল্প জ্বালানি ব্যবহার করে তারা ইতোমধ্যে চাষাবাদ চালাচ্ছেন। ৫ লিটার গোবরের সঙ্গে ১০০ গ্রাম বুস্টার মিশিয়ে প্রায় ৭ লিটার সমপরিমাণ জ্বালানি কার্যক্ষমতা পাওয়া যাচ্ছে।
এদিকে বিশেষজ্ঞরা মনিরুল ইসলামের উদ্ভাবন নিয়ে সতর্ক দৃষ্টিভঙ্গি রাখার পরামর্শ দিয়েছেন। তারা বলেন, প্রযুক্তিটি উদ্ভাবনী হলেও দীর্ঘমেয়াদে এর প্রভাব নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।
দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, মাঠপর্যায়ে এ প্রযুক্তির কার্যকারিতা যাচাই করা হচ্ছে। সব দিক বিবেচনা করে ভবিষ্যতে কৃষকদের জন্য এটি সহায়ক হতে পারে।