রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে ছাত্রদলের নবগঠিত জেলা কমিটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন পৌরসভা, কাঠালতলী ও বনরূপা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।
সোমবার (৪ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা শহরের কাঠালতলী এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ আট বছর পর ঘোষিত রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটির সমর্থকেরা আনন্দ মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের দিকে এগোলে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পাশাপাশি ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী লাঠিচার্জ করলে দুই পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাঙ্গামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে কোনো ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন স্বাক্ষরিত আদেশে জানানো হয়, জনশৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশটি সোমবার পর্যন্ত কার্যকর থাকবে।
এর আগে শনিবার দিবাগত রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরে ২৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে মো. অলি আহাদকে সভাপতি ও নাঈমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটি ঘোষণার পর পদবঞ্চিত নেতাকর্মীরা রোববার বনরূপা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং কমিটি বাতিলের দাবি জানান। এর জের ধরেই সোমবার সংঘর্ষের ঘটনা ঘটে।
বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রিপোর্টার্স২৪/বাবি