রিপোর্টার্স২৪ ডেস্ক: জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বাইফা অ্যাওয়ার্ড ২০২৬’। তবে তারকাদের উপস্থিতি ও পুরস্কার বিতরণের আনন্দ ছাপিয়ে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে অভিনেত্রী ও মডেল মারিয়া মিমকে ঘিরে ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।
শুক্রবার অনুষ্ঠিত ওই আয়োজনে মিডিয়ার সঙ্গে কথা বলার সময় ব্যক্তিগত জীবন নিয়ে করা একাধিক প্রশ্নে দৃশ্যত অস্বস্তিতে পড়েন মারিয়া মিম। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। একপর্যায়ে তার সাবেক স্বামী অভিনেতা সিদ্দিকুর রহমানকে নিয়ে প্রশ্ন করা হলে বিরক্ত প্রতিক্রিয়া জানান এই অভিনেত্রী।
ভিডিওতে দেখা যায়, ব্যক্তিগত বিষয় নিয়ে বারবার প্রশ্ন করায় ক্ষুব্ধ হয়ে সামনে থাকা বুম মাইক্রোফোন সরিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন মারিয়া মিম।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। কেউ কেউ মারিয়া মিমের আচরণের সমালোচনা করলেও, বড় একটি অংশ তার প্রতি সমর্থন জানায়।
অনেকের মতে, একজন শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে বিব্রতকর প্রশ্ন করা অনৈতিক এবং এটি এক ধরনের মানসিক হয়রানি।
ঘটনার পর সমালোচনার মুখে পড়েছে বাইফা অ্যাওয়ার্ডের আয়োজক কর্তৃপক্ষও। বিশেষ করে অনুষ্ঠানে কারা মিডিয়া কভারেজ করবে, সে বিষয়ে যথাযথ নিয়ন্ত্রণ না থাকায় প্রশ্ন তুলেছেন অনেকেই।
পেশাদার সাংবাদিকদের একাংশের অভিযোগ, সাম্প্রতিক সময়ে বড় বড় অনুষ্ঠানগুলোতে মূলধারার গণমাধ্যমের চেয়ে ইউটিউবার ও অপেশাদার কনটেন্ট ক্রিয়েটরদের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে। এতে অনুষ্ঠানের পরিবেশ ও পেশাদারিত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তাদের মতে, ভাইরাল কনটেন্ট তৈরির প্রতিযোগিতায় অনেকেই সীমা লঙ্ঘন করছেন, যার ফলে শিল্পীরা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ছেন।
বিষয়টি নিয়ে বাইফা অ্যাওয়ার্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। তবে মিডিয়া ব্যবস্থাপনার পুরো বিষয়টি তিনি সরাসরি দেখেননি।
তিনি বলেন, কাউকে আমন্ত্রণ জানানো মানেই তার সব আচরণের দায় আয়োজকদের ওপর পড়ে না। তারপরও ভবিষ্যতে মিডিয়া আমন্ত্রণের ক্ষেত্রে আরও সতর্ক থাকা হবে।
এদিকে, শুধু ব্যক্তিগত প্রশ্ন নয় বর্তমান শোবিজ অঙ্গনে ‘টপ অ্যাঙ্গেল ভিডিও’ নামে পরিচিত একটি বিতর্কিত প্রবণতাও নতুন করে আলোচনায় এসেছে।
বিভিন্ন অনুষ্ঠান ও অ্যাওয়ার্ড শোতে তারকাদের উদ্দেশ্যমূলকভাবে ওপর দিক থেকে ভিডিও করে স্পর্শকাতর অংশ ফ্রেমবন্দি করার অভিযোগ উঠেছে কিছু কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে। শুধুমাত্র সামাজিক মাধ্যমে ভিউ বাড়ানোর উদ্দেশ্যে এমন ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
বাইফা অ্যাওয়ার্ডের এবারের আয়োজনেও এমন কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিনোদন অঙ্গনের অনেকেই বলছেন, তারকাদের প্রতি সম্মান ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা না করলে ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বিতর্কের মুখে পড়বে।
রিপোর্টার্স২৪/ঝুম