রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজিত ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ কর্মশালার আয়োজন করা হয়। সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
অধ্যাপক মামুনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।
কর্মশালায় দেশের উচ্চশিক্ষা খাতের উন্নয়ন, আন্তর্জাতিক মান অর্জন এবং টেকসই শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, কর্মশালায় পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের। এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মো. আখতার হোসেন খানও অনুষ্ঠানে অংশ নেবেন।
উল্লেখ্য, গত বছরের ২৭ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফেরার দুই দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিলেন তারেক রহমান। সেদিন তিনি ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করেন।
রিপোর্টার্স২৪/ঝুম