রিপোর্টার্স২৪ ডেস্ক: আরও দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। আইনজীবীরা জানিয়েছেন, বর্তমানে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।
মঙ্গলবার (১২ মে) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন।
এর আগে বিভিন্ন মামলায়ও তিনি জামিন পেয়েছিলেন। এর মধ্যে রয়েছে—জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা মামলা, তত্ত্বাবধায়ক সরকারের রায় সংক্রান্ত অভিযোগ এবং দুর্নীতিসহ মোট পাঁচটি মামলা।
গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
আইনজীবীদের মতে, সর্বশেষ দুটি মামলায় জামিন পাওয়ার পর তার বিরুদ্ধে থাকা সব মামলায় জামিন প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় আপাতত তার মুক্তিতে আইনগত বাধা নেই।
উল্লেখ্য, এ বি এম খায়রুল হক ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং একই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন শুরু করেন। তিনি ২০১১ সালের ১৭ মে অবসরে যান। পরবর্তীতে তিনি তিন দফায় আইন কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
রিপোর্টার্স২৪/ঝুম