প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 12-05-2026 ইং
সংবাদ শিরোনামঃ কালাইয়ে আধুনিক ইনডোর স্টেডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় আধুনিক ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদের নির্ধারিত স্থানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের প্রশাসক মো. মাসুদ রানা প্রধান।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আধুনিক ইনডোর স্টেডিয়াম নির্মিত হলে উপজেলায় সারা বছর বিভিন্ন ধরনের খেলাধুলা ও প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মো. মাসুদ রানা প্রধান বলেন, যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ক্রীড়া অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই স্টেডিয়াম কালাই উপজেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক এই স্টেডিয়াম নির্মিত হলে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি হবে।
জেলা পরিষদ সূত্র জানায়, প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এলাকার ক্রীড়া উন্নয়নকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত কাজ শেষ করার আহ্বান জানিয়েছেন।