বিনোদন ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ উপকূলে শুরু হয়েছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ‘কান চলচ্চিত্র উৎসব’। মঙ্গলবার (১২ মে) জমকালো আয়োজনে পর্দা ওঠে উৎসবের ৭৯তম আসরের। আর এই আন্তর্জাতিক আসরে বিশ্বের নামি-দামি তারকাদের ভিড়ে নিজের অনন্য উপস্থিতি দিয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন বলিউড অভিনেত্রী Alia Bhatt।
কান উৎসবে অংশ নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেন আলিয়া। সেখানে তাকে দেখা যায় অপূর্ব এক প্যাস্টেল শেডের গাউনে। ফরাসি রিভিয়ারার মনোরম সৈকত, নীল জলরাশি আর রোদেলা আবহের সঙ্গে তার এই স্নিগ্ধ লুক যেন তৈরি করেছে এক স্বপ্নিল আবহ।
ছবিগুলোতে আলিয়াকে দেখা গেছে ফ্লোরাল প্রিন্টের হালকা প্যাস্টেল রঙের একটি গাউনে। মিনিমাল মেকআপ ও ছিমছাম হেয়ারস্টাইলে তাকে দেখাচ্ছিল অত্যন্ত পরিপাটি ও অভিজাত। কখনো হাস্যোজ্জ্বল, কখনো গম্ভীর অভিব্যক্তিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। প্রতিটি ছবিতেই ফুটে উঠেছে তার আত্মবিশ্বাস, আভিজাত্য ও মায়াবী সৌন্দর্য।
সমুদ্রের পাড়ে আলিয়ার এই খোশমেজাজি উপস্থিতি মুহূর্তেই ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। ভক্ত-অনুরাগীরা তার ফ্যাশন সেন্স, স্টাইল এবং গ্ল্যামার নিয়ে প্রশংসায় ভাসাচ্ছেন সামাজিক মাধ্যমে। অনেকেই মন্তব্য করেছেন, প্যাস্টেল রঙের গাউনটিতে আলিয়াকে যেন রূপকথার রাজকন্যার মতো লাগছিল।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী ও সমালোচকদের অংশগ্রহণে মুখর হয়ে উঠেছে এবারের কান উৎসব। আগামী ২৩ মে পর্যন্ত চলবে এই বর্ণিল আয়োজন। সমাপনী দিনে ঘোষণা করা হবে চলচ্চিত্র বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার ‘পাম দ’র’ বিজয়ীর নাম।
এবারের উৎসবে আলিয়ার উপস্থিতি ও তার স্টাইল স্টেটমেন্ট যেন আয়োজনের জৌলুস আরও বাড়িয়ে দিয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম