ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় থানা পুলিশের বিশেষ অভিযানে পৌর যুবদলের এক নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আটককৃতরা হলেন শৈলকুপা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন এবং উপজেলার খালকুলা গ্রামের বাবলু মন্ডল। পুলিশের দাবি, আটক ইমরানের কাছ থেকে ১৫ পিচ এবং বাবলুর কাছ থেকে ৬ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। আটক ইমরান আউশিয়া গ্রামের মৃত মতলেব বিশ্বাসের ছেলে এবং বাবলু মন্ডল খালকুলা গ্রামের তক্কেল মন্ডলের ছেলে।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে শৈলকুপা থানা পুলিশ।
তবে অভিযোগ অস্বীকার করে ইমরানের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাকে থানায় ডেকে নিয়ে পকেটে জোরপূর্বক ইয়াবা ঢুকিয়ে দেওয়া হয়েছে। পরিবারটির দাবি, ইমরান রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা-সমালোচনা চলছে।
রিপোর্টার্স২৪/মিতু